Dhaka Reader
Nationwide Bangla News Portal

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে আইসিসির আল্টিমেটাম, ভারতে খেলুন, নইলে পয়েন্ট ছাড়ুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি নাকচ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে; অন্যথায় পয়েন্ট ছেড়ে দিতে হবে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) এক অনলাইন সভায় বিসিবিকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আইসিসি কর্তৃপক্ষ। ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিসিবি যে দাবি জানিয়েছিল, তার সঙ্গে একমত হতে পারেনি আইসিসি।

ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবারের সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও আইসিসি নিজেদের অবস্থান থেকে সরবে না। আগামী শনিবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে। তবে ইএসপিএন-ক্রিকইনফো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন কঠোর আল্টিমেটাম পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের এই টানাপোড়েনের শুরু পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত শনিবার মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স।

এর পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি এবং ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠি দেয়। একই সঙ্গে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দেয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটিও কলকাতায় এবং নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.