Dhaka Reader
Nationwide Bangla News Portal

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে: ডিএমপি কমিশনার

গত ছয় মাস ধরে নির্বাচন ঘিরে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এবং কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস ধরে অনেক গুজব শোনা গেছে ভোট হবে না বা বিশৃঙ্খলা হবে। কিন্তু আজ আপনারা নিজেরাই দেখছেন পরিবেশ কতটা চমৎকার। কোথাও কোনো অসুবিধা বা ভয়ের কারণ নেই। প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে লক্ষ্যেই এগোচ্ছে। দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারছে, যা অত্যন্ত আনন্দের বিষয়।

সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে কমিশনার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এমনকি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, টিভি স্ক্রিনে উভয় দলকেই বলতে দেখেছি যে, ভোটের ফলাফল যাই হোক তারা তা মেনে নেবে। যেহেতু অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হচ্ছে, তাই সবাই তা মেনে নেবেন এটাই স্বাভাবিক।

এ সময় ২০১৮ সালের নির্বাচনের একটি তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে শেখ সাজ্জাত আলী বলেন, ওই বছর আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম। তখন আমি অবসরে ছিলাম। ভোট দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করতেই আমাকে জানানো হয়েছিল যে, আমার ভোট দেওয়া হয়ে গেছে। বাধ্য হয়ে সেদিন আমাকে গেট থেকেই ফিরে যেতে হয়েছিল। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং উৎসবমুখর।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে নির্বিঘ্নে ফলাফল প্রকাশ করা হবে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.